জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের বল্লমের আঘাতে ছোট ভাই খুনের ঘটনায় থানায় একটি হত্যা মামরা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী সুজিনা বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ছাতক থানায় গ্রেফতারকৃত ঘাতক বড় ভাই সমুজ মিয়া (৫৫) কে আসামী করে এ হত্যা মামলা (নং-৭) দায়ের করেন। মামলার আসামীকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে সমুজ মিয়া ও পারভেজ মিয়ার মধ্যে গত বুুুুুুধবার বাড়ির বাঁশ কাটা ও টিনের চালায় শুকনো বাঁশের লাকড়ি নিয়ে দু’পরিবারের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি তাদের স্বজনরা তাৎক্ষনিক নিস্পত্তি করে দিলেও বৃহস্পতিবার বিকেলে আবারও দুই ভাই ও তাদের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই সমুজ মিয়ার বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া (৪৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে গা ঢাকা দেয় ঘাতক বড় ভাই। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ঘটনার পর সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেন ও থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে লাশ দাফন সম্পন্ন হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






