ছাতকে কে হচ্ছেন পৌরসভার প্যানেল মেয়র, অধির আগ্রহে অপেক্ষায় পৌরবাসী

  • জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ

ছাতক পৌর এলাকায় গুঞ্জন, কে হচ্ছেন এবার পৌরসভার প্যানেল মেয়র। এ নিয়ে অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন পৌরবাসী। পৌরসভার প্যানেল মেয়র হিসেবে তিন বার দায়িত্ব পালন করেছেন ৭নং ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরী। পৌরসভা গঠনের পর ৫টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬জানুয়ারীর নির্বাচনে বিজয়ী হয়ে ৭নং ওয়ার্ডে টানা ৫ম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাপস চৌধুরী। ছাতক পৌরসভার মধ্যে শহরেই রয়েছে ৬ ও ৭ ওয়ার্ড। এজন্য দু’টি ওয়ার্ডের গুরুত্ব অধিক এবং এ দু’ওয়ার্ডের কাউন্সিলররাও অধিক জনপ্রিয়। ৬নং ওয়ার্ডে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন সুমেন। গত নির্বাচনে পৌরসভার কাউন্সিলরদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে জসিম উদ্দিন সুমেন কাউন্সিলর নির্বাচিত হন। এবার জসিম উদ্দিন সুমেনকে প্যানেল মেয়র করার জোর দাবি তুলেছেন ৬নং ওয়ার্ডবাসী। গত ১৬জানুয়ারী ছাতক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (৬ ফেব্রুয়ারী) সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ শেষে পৌরসভার প্রথম সভায় প্যানেল মেয়র নির্বাচন করা হবে। সভায় প্যানেল মেয়র-১, প্যানেল মেয়র-২ ও মহিলা কাউন্সিলরদের মধ্য থেকে প্যানেল মেয়র-৩ নির্বাচন করা হবে। এদিকে মহিলা কাউন্সিলরদের মধ্যে সর্বাধিক ভোটে ২য় বার নির্বাচিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী প্যানেল মেয়র নির্বাচিত হতে পারেন। প্যানেল মেয়র পদের দৌড়ে ৩নং ওয়ার্ডের টানা তিন বারের নির্বাচিত কাউন্সিলর লিয়াকত আলীও রয়েছেন। এখন শুধু অপেক্ষার পালা, কে-কে হচ্ছেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র।##

এই সংবাদটি 209 বার পঠিত হয়েছে