ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় উৎসবমুখর পরিবেশে অংশ নেয় পৌর এলাকার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪১০ জন শিক্ষার্থী।
এই পরীক্ষায় অংশ নেয় ৫টি মাধ্যমিক ও ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে ছিল সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ। নির্বিঘ্ন পরীক্ষা পরিচালনায় পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে গৃহীত হয় কঠোর নজরদারি। স্থানীয় শিক্ষক সমাজ একে ছাতকের শিক্ষা উন্নয়নের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
পরিদর্শন শেষে ইউএনও ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন,
মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যেই আমরা নিয়মিত এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং শিক্ষার মানোন্নয়ন ঘটবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র চক্রবর্তী, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. রবিউল ইসলাম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, স্টোরকিপার অজিত কুমার দাস, উপসহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, পৌর প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে এমন উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের মতে,
এই মেধাবৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতা নয় এটি শিক্ষার মানোন্নয়ন ও আত্মবিশ্বাস সৃষ্টির এক বাস্তব রূপায়ন।
অভিভাবকরা আরও বলেন, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক এই পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলছে, বাড়াচ্ছে আত্মবিশ্বাস। তারা ভবিষ্যতে আরও বেশি বিদ্যালয়কে এই কার্যক্রমের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর পর ২০২৪ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো ছাতক পৌরসভার মেধাবৃত্তি পরীক্ষা চালু করা হয়। ধারাবাহিকতার অংশ হিসেবে এ বছর দ্বিতীয়বারের মতো সফলভাবে অনুষ্ঠিত হলো এ পরীক্ষা — যা ছাতকের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা বলে মনে করছেন স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা।






