ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জের ছাতকে তরুণ রাজনৈতিক কর্মী জুবায়ের তানভীর-এর নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় তিনি ১২ অক্টোবর ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জুবায়ের তানভীর সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে করা পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সম্প্রতি একটি কুচক্রী মহল তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
বিষয়টি জানার পর তিনি দ্রুত আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান। এছাড়া যেসব কথোপকথনের স্ক্রিনশট ছড়ানো হচ্ছে, তা কথার মারপ্যাচে সম্পাদিত বলে দাবি করেন তিনি।
হোয়াটসঅ্যাপে প্রচারিত কথোপকথন সম্পর্কেও তিনি অবগত নন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপির সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী মিজানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তাতেও তিনি কোনোভাবে জড়িত নন।
জুবায়ের তানভীর এসব অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সবাইকে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এদিকে, এসব অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের অনেকে।






