ছাতকে রাজমিস্ত্রিকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডেক্স রিপোর্ট::

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় কাওছার আহমদ (৩৬) নামের এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ বিকেল ৩টার দিকে পাইগাঁও গ্রামে জনৈক সাদ মিয়ার বাড়ির নিকটবর্তী নির্মাণাধীন বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাওছার আহমদ অভিযোগে উল্লেখ করেন, তিনি রাজমিস্ত্রি ঠিকাদার হিসেবে পরান নামের এক ব্যক্তির নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় নাঈম (২১) নামের এক যুবক তাঁর কাছে জোরপূর্বক টাকা দাবি করে। টাকা না দেওয়ায় নাঈম তাঁকে সমুচিত শিক্ষা দেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন বিকেলে নুর উদ্দিন (৫৭) নামের এক ব্যক্তি তার গরুর রশি হারানোর অভিযোগ তুলে কাওছারের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় নাঈম ও রেদোয়ান (৩০) লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এসে মারধর শুরু করে। কাওছারকে বাঁধা দেওয়ার সময় তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে নাঈম, আর রেদোয়ান তাঁর গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করে।

এ সময় কাওছারের পকেটে থাকা মানিব্যাগ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মারধরে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কৈতক হাসপাতালে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসা শেষে কাওছার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাঈম, রেদোয়ান ও নুর উদ্দিন নামের তিনজনকে আসামি করা হয়েছে।
অভিযুক্ত নাইম উদ্দিনের ভাই নাজিম উদ্দীনের সাথে যোগাযোগ হলে তিনি জানিয়েছেন ঘটনাটি আপোষে মিমাংসা হবে।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি 101 বার পঠিত হয়েছে