ছাতকে ফুটবল টুর্নামেন্টে মারামারি, ১০ শিক্ষার্থী আহত

লুৎফুর রহমান শাওন, ছাতকঃ

সুনামগঞ্জের ছাতকে আন্তঃক্রীড়া ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাউয়াবাজার কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ম্যাচ চলাকালে কথাকাটাকাটি থেকে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে পাইগাঁও উচ্চ বিদ্যালয় ও খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।

খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি আল-আমিন অভিযোগ করে বলেন, আমাদের  মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়ম মেনে খেলছিল। কিন্তু প্রতিপক্ষ শুরু থেকেই মারমুখী আচরণ করে। খেলা ট্রাইব্রেকারে গড়ালে আমাদের শিক্ষার্থীরা জয়ী হয়। এরপর তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে অন্তত ১০ জন আহত হয়।  তিনি এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন।

অপরদিকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা জানান, খেলায় জয়লাভ করার পর খরিদিচর সিনিয়ির আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কটূক্তি করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।

কৈতক হাসপাতালের চিকিৎসক ডা. তামিম আহমদ জানান, সংঘর্ষে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩ জন ও খরিদিচর মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী চিকিৎসা নেন। এর মধ্যে খরিদিচরের একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী বলেন, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে যায়। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।

 

এই সংবাদটি 235 বার পঠিত হয়েছে