তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকে আন্ত:ক্রিড়া ফুটবল টুর্নামেন্টে পরাজিত হওয়ার পর বিজয়ী দলের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খেলোয়াড়সহ অন্তত ২৭জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলায় জাউয়া কলেজে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খরিদিচর আলিম মাদরাসা ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্ত:ক্রিড়া ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকেলে জাউয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে পাইগাঁও উচ্চ বিদ্যালয়কে হারায় খরিদিচর আলিম মাদরাসা। খেলায় হেরে খরিদিচর মাদরাসা পক্ষের একজনের সাথে তর্কে জড়ায় পাইগাঁও উচ্চ বিদ্যালয় পক্ষের জনৈক ব্যক্তি। এ নিয়ে হাতাহাতি ও এক পর্যায়ে বিজয়ীদের উপর হামলা চালায় পাইগাঁও পক্ষ। আত্মরক্ষায় তারা জাউয়া কলেজে আশ্রয় নেয়। সেখানেও দলবদ্ধ ভাবে ইট-পাটকেলের আঘাতে খেলোয়াড়সহ আহত হয় অন্তত ২৭জন ব্যক্তি। কলেজের দরজা জানালাসহ গ্লাস ভাঙচুর করে পরাজিত পক্ষ। খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত হয়। এদিকে আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।






