ছাতক প্রতিনিধি, পাপলু মিয়া:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালারুকা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নজমুল হোসেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড, ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন কাজী আব্দুস শাকুর এবং অভিভাবক সদস্য হয়েছেন শফিক মিয়া (প্রাক্তন মেম্বার)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে গঠিত এডহক কমিটি আগামী ৬ (ছয়) মাস কার্যকর থাকবে। এ মেয়াদের মধ্যে নিয়মিত কমিটি গঠনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সভাপতি নজমুল হোসেন অনুভূতি প্রকাশ করে বলেন—
“শাইরে আলা মাওলানা রাঈসুদ্দিন কালারুকী ছাহেব (রহ.) ১৯৬৭ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি হতে পেরে আমি গর্বিত। মাদ্রাসার উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন—
“শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে কালারুকা লতিফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে চাই।”






