মোঃ তাজিদুল ইসলাম:
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেছেন, “আল্লাহর জমিনে ইসলামী আন্দোলনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনই আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব খেলাফত মজলিস কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। জনগণের আমানতের খেয়ানত করা যাবে না। সরকারি সব সুযোগ-সুবিধা জনসাধারণের কল্যাণে ব্যয় করাই হবে আমাদের দায়িত্ব।”
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলামের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আকিক হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদ, উপজেলা সহসভাপতি এহিয়া খান মাহবুব, সাধারণ সম্পাদক কে. এম. সুলাইমান তালুকদার, হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা মঞ্জুরুর রহমান, শাহ আলম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, খেলাফত মজলিস সব সময় জনগণের পাশে থেকে ইসলামভিত্তিক ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। তারা মনে করেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক আদর্শের পাশাপাশি সততা, জবাবদিহিতা ও জনকল্যাণে আন্তরিক হতে হবে।
সভায় উপস্থিত স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, হাফিজ মাওলানা আব্দুল কাদির নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার, দারিদ্র্য দূরীকরণ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবেন।
সভাটি শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় জনগণের প্রত্যাশা ও চাহিদার কথাও উঠে আসে। সভার এক পর্যায়ে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম অংশগ্রহণকারীদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।






