ছাতকে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি মালামালসহ আসামী গ্রেপ্তার

ছাতক প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি ঘটনায় প্রধান আসামী হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ছাতক পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নোয়ারাই এলাকার ওসমান মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার ১নং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছাদিক মিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে আমেরিকা বসবাস করছেন। যে কারনে বাসাটি অধিকাংশ সময়ই তালাবদ্ধ থাকে। বাসাটি দেখাশুনার দায়িত্ব পালন করেন ছাদিক মিয়া চৌধুরীর চাচাতো ভাই ছায়েদ মিয়া চৌধুরী। গত ১৩ জুলাই দুপুরে ছায়েদ মিয়া বাড়িটি পরিস্কার করতে গিয়ে ঘরের তালা খুলে দেখতে পান ঘরের সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরে ভেতরে চোর ডুকে এসি, আইপিএস, জেনারেটর, পানি উত্তোলনের মোটর, সিলিং ফ্যানসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় বাসার দায়িত্বে থাকা ছায়েদ মিয়া গত ২২ জুলাই ৩জনকে আসামী করে একটি চুরির মামলা রুজু করেন। পরদিন মামলার ৩ নং আসামীর ভাঙ্গারীর দোকানে অভিযান চালিয়ে একটি ১২ ভোল্ট ব্যাটারী, ৪টি পিতলের বদনাসহ বেশ কিছু চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো,সোহেল রানা বলেন, মামলার আসামী হোসেন মিয়া চুরির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টার চলছে। এছাড়াও অন্য চোরাই মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি 83 বার পঠিত হয়েছে