যত পার্সেন্ট ভাট হোক না কেন সে অনুযায়ী ফলাফল দিব ———- নির্বাচন কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন- নির্বাচনী আইনে বলা নাই যে, কত পার্সেন্ট ভোট কাস্ট হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। ভোটার যত পার্সেন্ট হোক না কেন সে অনুযায়ী আমরা ফলাফল ঘোষণা দিব। কাউকে ভোটে অংশগ্রহণ করতে বাধা দেওয়া অথবা ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া কিংবা নিষেধ করার অধিকার আইনে নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, অন্য দলকে নির্বাচনে আসতে বলা হলেও তারা আসেনি। নির্বাচনী ট্রেন থামবে না, একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা/ব্যক্তিবর্গের সাথে “বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা” শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার। রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, সিলেট রেঞ্জ এর ডিআইজি শাহ মিজান শফিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ এর পরিচালক মাহবুবুর রহমান, র্যাব সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি 124 বার পঠিত হয়েছে