এমএইচ খালেদ
সুনামগঞ্জের ছাতকে বারকি শ্রমিক আবুল হোসেন চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন করেছে ছাতক থানা পুলিশ। গত বুধবার আবুল হোসেন এর ভাই আলী হোসেনকে গ্রেফতার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করে পুলিশ। এর আগে মঙ্গলবার নিহত আবুল হোসেনের স্ত্রী মোছা: সবতুন বেগমকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, আবুল হোসেনকে হত্যার পর তার ভাই আলী হোসেন, তার স্ত্রী মোছা: সবতুন বেগম ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়াসহ কয়েকজন মিলে তার লাশ রোয়া বিলের পাশে একটি বন রকম স্থানে ফেলে রাখে। এ বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবুল হোসেনের স্ত্রী সবতুন বেগম।
জানা যায়, উপজেলা ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের মৃত. আব্দুল মনাফের ছেলে আবুল হোসেন গত (২১ অক্টোবর) নিজ বাড়ী থেকে নিখোঁজ হন। পরের দিন সম্ভাব্য সকল জায়গায় খোঁজা খোঁজি করেও আবুল হোসেনকে পাওয়া যায়নি। এরপর গত ২৭ অক্টোবর আবুল হোসেন এর ভাই আলী হোসেন থানায় জিডি নং-১৪৯৯ দায়ের করেন।
পরবর্তী গত ২ নভেম্বর মোছা: সবতুন বেগম বাদী হয়ে তার স্বামী মো. আবুল হোসেনকে অপহরণ করে খুন ও লাশ গুম করার অভিযোগ এনে আমল গ্রহনকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ছাতক, সুনামগঞ্জে সি আর মামলা নং ৪৮৮/২০২২ ইং দায়ের করেন। এতে একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে শুকুর আলী, মন্তাজনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে মনির উদ্দিন, সফিক উদ্দিনসহ ৬ জন ও অজ্ঞাতমা আরো ৫/৬ জনকে আসামী করা হয়। আদালতের নির্দেশে ছাতক থানায় মামলা নং-০৪ এফআইআর ভুক্ত করা হয়। আবুল হোসেন নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ১৫ নভেম্বর) স্থানীয় রোয়া বিলের পাশে বন রকম স্থান থেকে একটি কষ্কাল উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে থানা পুলিশ। অপরদিকে দায়েরী মামলার সকল আসামীরা উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত হন।
হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। ছাতকে আবুল হোসেনকে পরিকল্পিত হত্যা নাকি প্রকৃত অপরাধীদের আড়াল করার অপচেষ্টা” শিরোনামে বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে প্রাপ্ত তথ্য উপাথ্যর ভিত্তিতে মামলার রহস্য উদঘাটন করে পুলিশ। অবশেষে আবুল হোসেনের স্ত্রী মোছা: সবতুন বেগম, ভাই আলী হোসেন ও স্ত্রীর পরকীয়া প্রেমিক সাবুল মিয়ার মুখোশ উম্মোচন করে পুলিশ। তবে পরকীয়া প্রেমিক সাবুল মিয়া এখনও পলাতক রয়েছে।
এ বিষয়ে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আবুল হোসেনের স্ত্রী মোছা: সবতুন বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






