ছাতকে বটেরখান থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ছাতক প্রতিনিধি

ছাতকে বটেরখাল (বর্তমান নদী) থেকে অর্ধগলিত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জের দিঘলী রামপুর জামে মসজিদ সংলগ্ন বটেরখাল নদীর পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য সন্ধ্যায় লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।

অজ্ঞাতনামা হিসেবে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে নিজের ছেলেকে সনাক্ত করেন তার পিতা। তার নাম রাহিম মিয়া (৭)। সে সিলেট কোতোয়ালী থানার খাসিটুলা বেতেরবাজার এলাকার ভাড়াটে বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে বাড়িতে এসে দুপুরে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে গেলে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু রাহিম মিয়া। এর পর পরিবারের পক্ষ থেকে ওইদিন বিকেলে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬২৬) দায়ের করেন। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পর বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর শাখা ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ বটের খাল নদীর পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার উপ-পরিদর্শক পিয়াস পাল।

এই সংবাদটি 189 বার পঠিত হয়েছে