বিশেষ প্রতিনিধি,
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থ শ্যামপাড়া- কান্দিগাঁও রাস্তায় ৩ মাস ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সদর ইউনিয়নের এ রাস্তাটির বেহাল দশার কারনে এলাকার ১০টি গ্রামের বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে ছাতক আকিজ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পশ্চিম পয়েন্ট শ্যামপাড়া থেকে শুরু হয়ে কান্দিগাঁও পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। এ রাস্তাটি কান্দিগাঁও -গদারমহল হয়ে রুক্কা বাজারের কাছে ছাতক -জাউয়া সড়কের সাথে সংযুক্ত হয়েছে।
বন্যায় এ রাস্তার মদুকোনি ও মানসীনগর- তিররাই গ্রাম এলাকায় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। রাস্তার এই অংশের অবস্থা খুবই খারাপ। স্থানে- স্থানে পিচঢালা উঠে গেছে। মাটি সরে গিয়ে রাস্তায় সৃষ্টি হয়েছে বড়- বড় গর্তের। এলাকার লোকজন হাটা চলা করতে সাময়িক ভাবে ২ টি বাঁশের সাঁকো তৈরি করে রাস্তা দিয়ে হাটা চলা করছেন।
ছাতক শহর থেকে মদুকোনি পর্যন্ত সি এন জি চালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে চলাচল করছে। এরপর লোকজনকে পায়ে হেটেই যাতায়াত করতে হচ্ছে। এই এলাকায় যাতায়াতের আর কোন বিকল্প রাস্তা না থাকায় এ ভাবেই ৩ মাস ধরে এলাকার লোকজন যাতায়াত করে যাচ্ছেন। স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও কিছু রাস্তা পায়ে হেটে আর কিছু রাস্তা অটোরিকশায় করে শহরের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করছেন।
সাবেক ইউপি সমরোজ আলী, দুলাল সরকার, সাবেক সদস্য আব্দুস সালাম,আবুল কালাম ও স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম,মাস্টার আবু বকর,আব্দুল হক মোল্লা, শানুর আলীসহ এলাকার লোকজন জানিয়েছেন,গত২২ মে প্রথম দফা বন্যার পর এ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর এলাকার লোকজনের উদ্যোগে রাস্তটি সাময়িক সংস্কার করা হলে কিছু দিন সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেছে। ১৫ জুনের দ্বিতীয় দফা বন্যায় রাস্তটি লন্ড-বন্ড হয়ে গেছে। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছেন,মদুকোনি,তিররাই,মানসীনগর, রাতগাঁও, মুক্তিরগাঁও, কান্দিগাঁও,গদারমহল, চলিতারবাক,রুক্কা,ঘাটপার গ্রামের মানুষ। হাজার- হাজার লোকের যাতায়াতের ভরসাস্থল শ্যামপাড়া -কান্দিগাঁও রাস্তাটি জরুরি সংস্কারের প্রয়োজন এমন দাবি করেছেন এলাকাবাসী ।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান,রাস্তার বরাদ্দ না থাকায় রাস্তাটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে রয়েছে। জনস্বার্থে দ্রুত এ রাস্তা সংস্কারের প্রয়োজন।
ছাতক উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন জানান, রাস্তাটি তিনি পরিদর্শন করে বরাদ্দ পেলেই দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেবেন। ##






