ছাতকে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে নিরাপত্তা কর্মচারী বিপাকে: তিন দপ্তরে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতকে ইউপি মেম্বারের মাধ্যমে সরকারী ভাবে আর্থিক অনুদান ও চাল দিয়ে সহযোগির কথা বলে এক মাদরাসার নিরাপত্তা কর্মচারীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে। স্বাক্ষরকৃত সাদা কাগজ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ যে কোন ধরণের ক্ষতি সাধন করার আশঙ্কা করছেন মিনহাজ উদ্দিন ইমাদ। তিনি উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে ও জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার নিরাপত্তা কর্মচারী। প্রতিকার চেয়ে তিনি সোমবার
(১৬ মে) উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ছাতক থানায় অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির কথাও স্বীকার করেছেন স্ব-স্ব দপ্তর।

জানা যায়, গত ১১ মে সকালে জাহিদপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সিএনজি চালিক অটোরিকশা চালক ছাদ মিয়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন ইমাদের বাড়িতে যান। দোলারবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জনৈক মেম্বার এর মাধ্যমে ইমাদসহ তার পরিবারকে সরকারী ভাবে আর্থিক অনুদানসহ চাল দিয়ে সহযোগিতা করবে বলে সাদা কাগজে একটি স্বাক্ষর নেয়। সরকারী সাহায্য পাবার আশায় মিনহাজ উদ্দিন ইমাদ অলিখিত কাগজে নিজের স্বাক্ষর করে এখন তিনি পড়েছেন বিপাকে। ইউপি মেম্বারের মাধ্যমে সরকারী ভাবে আর্থিক অনুদান ও চাল পাওয়াতো দূরের কথা, যোগাযোগ করা হলে সন্তোষজনক জবাব না দিয়ে উল্টো বিভিন্ন ধরণের টালবাহানা করে আসছে ছাদ মিয়া।

গ্রামের আবদুল জলিলের ছেলে গয়াছ মিয়া, মৃত মফচ্ছিল আলীর ছেলে আফজল মিয়ার সহযোগিতায় ছাদ মিয়া কর্তৃক নেয়া অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে চাকুরীসহ শিক্ষা প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন মিনহাজ উদ্দিন ইমাদ।

অভিযোগকারী মিনহাজ উদ্দিন ইমাদ জানান, সাঁপে কাটায় তার পিতা মারা গেলে মা, দাদীসহ ছোট দুইবোন ও এক ভাইকে নিয়ে অসহায় মানবেতর জীবন-যাপন করছিলেন। গত ৬ মাস আগে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় নিরাপত্তা কর্মচারী হিসেবে তার চাকুরী হয়। বেতনের টাকায় তার অভাবের সংসার চলছে। ছোট ভাই-বোনদের লেখা পড়াও করাচ্ছেন। তার পরিবারকে সরকারী ভাবে আর্থিক অনুদানসহ চাল দেয়ার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার পর তিনি চাকুরী হারানোসহ শিক্ষা প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতির আশঙ্কা করছেন। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।

এই সংবাদটি 253 বার পঠিত হয়েছে