ছাতক প্রতিনিধি
ছাতকে নবনির্মিত সুরমা নদীর সেতুতে টিকটক ভিডিও ধারণ করা নিয়ে ঘন্টাব্যাপী দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে সায়মন (১৩), তাহসিন (১৬), তানজিদ (১৪) সহ কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। আহত হুশিয়ার আলী (৪০), আবু তালেব (১৫), দেলোয়ার হোসেন (৩৬), রাব্বানী মিয়া (১৮ )সহ অন্যান্য আহতদের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বেশ কয়েকজন।বিভিন্ন সুত্রে জানা যায়, নবনির্মিত ছাতকের সুরমা নদীর সেতুতে প্রতিদিন আসছেন হাজার হাজার পর্যটক। ঈদের আনন্দে দুদিন ধরে এ সেতুতে দূর দুরান্ত সহ স্থানীয় পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতই বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ এখানে আসা পর্যটকদের ভিড়ে সেতুটি এখন অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে সেতুতে উদ্বেগজনক হারে বাড়ছে বখাটেদের আনাগোনা,নানা উৎপাতসহ অশ্লীলতা। নাচ,গান,নৃত্য, টিকটক চলছে সেতুতে নিত্যদিন। অভিযোগ উঠেছে টিকটক সহ বিভিন্ন নাম নিয়ে গড়ে ওঠা কিশোর গ্যাং এর সদস্যরা সেতুতে আগত দর্শকদের বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। টিকটকারদের উৎপাতে অতিষ্ট সেতুতে আগত দর্শনার্থী পুরুষ মহিলারা। শিশুরা ও এখানে নিরাপদ নয়। বৃহস্পতিবার বিকেলে সেতুতে এমনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। জানা গেছে বিকেল ৫ টার দিকে পৌর এলাকার বাঁশখালা ও নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দু’কিশোরের মধ্যে মোবাইল ফোনে টিকটক ভিডিও ধারন ও ছবি তোলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দু- গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন আশ পাশের এলাকার লোকজন।সংঘর্ষের সময় উপস্থিত দর্শনার্থী নারী-পুরুষ ও শিশুরা ভয়ে এদিক ওদিক ছুটা ছুটি করতে দেখা গেছে। প্রাণ রক্ষার্থে সেতু ছেড়ে দৌড়ে পালিয়েছেন পর্যটকরা।খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে।এক পর্যায়ে তারা টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ত্রন করেছে। এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যাস্ত থাকায় ফোন রিসিভ করেননি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






