মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার
চুনারুঘাটে প্রতিপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক নারী৷ সারা শরীরে লোমহর্ষক নির্যাতনের চিহ্ন। কালচে হয়ে আছে সমগ্র শরীর। নির্যাতনের শিকার এই নারীর নাম রাফি আক্তার। অভিযোগ করেছেন, ঘটনাটি আজ বুধবার (১৯ মে) সকালের।
তিনি জানান, শারীরিক অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়েই ছুটে যান আহাম্মদাবাদ ইউপির কালিশিড়ি গ্রামের শশুর বাড়ীতে। দেখতে যান শশুর বাড়ীতে নিজেদের জায়গা – জমি। কিছুদিন পূর্বেই প্রতিপক্ষের লোকজন স্বামীসহ শশুর কে কুপিয়ে জখম করে। তার শশুর রুহুল আমিন এখন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শশুর বাড়ীর জায়গা জমি ও ভিটেমাটি দেখতে যাওয়ার পর প্রতিপক্ষ একই গ্রামের মঈন উদ্দিনের ছেলে বাপ্পির লোকজন তাঁকে বেধড়ক মারপিট করে। হাতে ও পায়ে লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিয়ে রাফি আক্তার আরো বলেন, দেশীয় অস্ত্র দিয়ে চরমভাবে আঘাত করা হয়েছে তার শরীরে। বাপ্পির লোকজনের এক অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি।
কান্নাজড়িত কন্ঠে রাফি আরো বলেন, প্রতিপক্ষ বাপ্পির লোকজনদের এই নির্যাতনে তিনি মূর্ছা যাচ্ছিলেন। একজন নারী হয়ে প্রতিপক্ষ বাপ্পির পুরুষ লোকজনদের দ্বারা এ নির্মম নির্যাতনের বিচার দাবি করেছেন তিনি।
তিনি আরো বলেন, প্রতিপক্ষ রাজনৈতিকভাবে শক্তিশালী। নিজেদের ক্ষমতার দাপট আর প্রভাবে নিরীহ মানুষেরা অসহায়। তাদের অসহ্য নির্যাতন আর ত্রাস যেন সচরাচরই হয়ে উঠেছে। আইনিভাবে কোন কিছু মোকাবেলা করতে গেলেই ক্ষমতার দাপট, হুমকি আর ভয় দেখিয়েই বাপ্পি মানুষকে ক্ষান্ত করেন না৷ তার দাপটে অসহায় হন সাধারণেরা। রাফি আক্তার তার উপর নির্যাতনের বিচার দাবি করেছেন।






