বিশেষ প্রতিনিধিঃ ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী ছাতক থানায় একটি জিডি (নং-৩৭৯) করেছেন। আপত্তিকর বক্তব্য সম্বলিত একটি বেনামী লিফলেট ওয়ার্ডের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে ফেলে অপ-প্রচার করার বিরুদ্ধে তিনি শুক্রবার থানায় এ জিডি করেন। জিডি করার কথা উল্লেখ করে কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরী জানান, একটি কু-চক্রি মহল তার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে তার বিরুদ্ধে মনগড়া অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তার নিরীহ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে প্রতিনিয়ত। ওয়ার্ডবাসীর কাছে তাকে হেয় প্রতিপন্ন করতে কে বা কারা রাতের আধারে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। সে সহ তার সহকর্মী প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুক্তিরগাঁও গ্রামের আলাউদ্দিন এবং শহরের বাগবাড়ী এলাকার উদীয়মান ব্যবসায়ী ও পৌর স্বেচ্ছাবেকলীগের সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানির ছবি যুক্ত করে আপত্তিকর কথাবার্তা লিখা হয়েছে ওই লিফলেটে। এতে করে তার এবং ওই ব্যবসায়ীদের মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে। তার নির্বাচনকে প্রভাবিত করার জন্য এ মহলটি নির্বাচন কমিশন কর্তৃক প্রদেয় প্রতীক পানির বোতলকেও বিকৃত করে ফেইসবুকে অপপ্রচার করেছে। এ ব্যাপারেও থানায় পৃথক জিডি করা হয়েছে। পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী তাকে ভালোবাসে এ কারনে তার বিরুদ্ধে কু-চক্রি মহলটি একের পর এক আপত্তিকর ও উস্কানীমুলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ১৬ জানুয়ারী স্বতস্ফুর্তভাবে পানির বোতল মার্কায় ভোট প্রদানের জন্য ওয়ার্ডবাসীর প্রতি সবিনয় আহবান জানান কাউন্সিলর প্রার্থী তাপস চৌধুরী। পাশাপাশি অপপ্রচারকারীদের চিহ্নিত করে এ ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের প্রতিও আহবান জানান।






