পাপলু মিয়া, ছাতকঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে এবং নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে নিজের ব্যানার-পোস্টার অপসারণ শুরু করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ছাতক শহরের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, মাওলানা আব্দুস সালাম আল মাদানী দলের নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও অলিগলিতে টাঙানো তার নিজের পোস্টার, ফেস্টুন ও ব্যানার খুলে ফেলছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত নির্বাচনের পর বা আচরণবিধি ভঙ্গের নোটিশ পাওয়ার পরে প্রার্থীদের প্রচারসামগ্রী নামাতে দেখা যায়। কিন্তু কোনো নির্দেশ ছাড়াই একজন প্রার্থী নিজ হাতে প্রচারসামগ্রী নামাচ্ছেন এ দৃশ্য স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
সালাম মাদানী বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজেই উদাহরণ সৃষ্টি করতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আমার সব পোস্টার, ব্যানার, লাইটিং ও ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি। আইন যেহেতু রাষ্ট্রের, তা আমাদের মেনে চলতেই হবে।
তিনি আরও বলেন, আমার নির্বাচনি দুই উপজেলার যেসব স্থানে প্রচারসামগ্রী টাঙানো হয়েছে সব জায়গা থেকেই আমরা এগুলো সরিয়ে ফেলছি। আবার যখন প্রচারণার জন্য নির্বাচন কমিশন অনুমতি দেবে, তখন নিয়ম মেনে লিফলেট, পোস্টারসহ সব প্রচার উপকরণ ব্যবহার করা হবে।
স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীর এমন স্বতঃপ্রণোদিত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা মনে করেন, অন্য প্রার্থীদের জন্যও এটি একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।






