ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেটে পাটানো হয়েছে। বর্তমানে তিনি সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে ও ছাতক বাজারের আল হারামাইন থানা অ্যান্ড টেইলার্স-এর পরিচালক ত্বোহা মিয়া (২৬) পেটব্যথা নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বেলা ২টার দিকে পপি নামের এক নার্স তার শরীরে স্যালাইন পুশ করেন।
এসময় ত্বোহা মিয়ার পেটব্যথা দ্বিগুণ বেড়ে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাশে থাকা স্বজন আল আমিন তাশরিফ লক্ষ্য করেন-পুশ করা স্যালাইনটির মেয়াদ পাঁচ মাস আগেই শেষ হয়ে গেছে। স্যালাইনটির গায়ে লেখা ছিল-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয়। স্যালাইনটি ২০২২ সালের জুন মাসে উৎপাদিত এবং মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৫ মে।
ঘটনার পর রোগীর স্বজন আল আমিন তাশরিফ নিজের ফেসবুক আইডি থেকে হাসপাতালের অবহেলা ও অপচিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক লাইভ করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বুধবার সকাল ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগীর স্বজনদের মধ্যে মিমাংসার বৈঠক বসবে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন বলেন, এটা গুরুতর অপরাধ,তবে এই স্যালাইনটি আমাদের স্টোকে নেই। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করেছে কি না, তাও খতিয়ে দেখা হবে। ঘটনাটি তদন্তে ডা. ফাতেমাতুজ জহুরাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়া হবে।






