ডেস্ক নিউজ
সুনামগঞ্জের ছাতকে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩শ’ ৬৫ জন ভোটারের মধ্যে ৩শ’৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন এবং ফলাফল ঘোষণা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ। এসময় সহকারী নির্বাচন কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে শিক্ষকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।
নির্বাচনে ২০১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মুস্তাক ও দূর্নীতির দায়ে সাময়িক বরখাস্তকৃত পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা। মুস্তাক পেয়েছেন ৮০ ভোট আর আবু হেনা পেয়েছেন ৭২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দুদু মিয়া নির্বাচিত হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন পরাজিত হয়েছেন মিছবাহ উদ্দিন ও আবদুল মালিক নামের দুই প্রার্থী। মিছবাহ উদ্দিনের প্রাপ্ত ভোট ১৩১ ও আবদুল মালিক পেয়েছেন ৭৪ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সৈয়দ মনছুর আহমদ। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি অমরেশ সরকার পেয়েছেন ১২২ ভোট।
এর আগে সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ছাতক সদর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাজিদুর রহমান।






