ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্পের শঙ্কা।

ডেস্ক নিউজ 

ছোট ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে। প্রতি এক থেকে দের্শ বছর পর একটি এলাকায় বড় ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে বলে আগাম এ বার্তা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী।

শুক্রবার (২১ নভেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি জানান বাংলাদেশ ও এর আশপাশ এলাকায় গত দেড়শ বছরে একটি বড় ও পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের আশপাশে সবশেষ বড় ভূমিকম্প হয়েছিল প্রায় একশ বছর পুর্বে, যে কারণে আরেকটি বড় ভূমিকম্পের সময় খুব কাছাকাছি হতে পারে বলে শঙ্কা রয়েছে।

যে কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হচ্ছে, তাতে ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়েই চলেছে।’

এদিকে রাজধানীতে ৫ দশমিক ৭ মাত্রার আকস্মিক একটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় দুর্ঘটনা সম্পর্কিত তথ্য আদান-প্রদান ও যোগাযোগের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে একটি জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

শুক্রবার সকালের এই ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জন নিহত ও ২ শতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নগরীর বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই দুর্ঘটনা সম্পর্কিত সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য জরুরি এ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি 82 বার পঠিত হয়েছে