প্রায় ১ বছর পার হলেও সন্ধান মেলেনি আওয়ামীলীগ কর্মী মিজানুর রহমানের

ডেক্স রিপোর্ট:

নিখোঁজের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর গ্রামের বাসিন্দা ও গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের। গত বছরের ১০ আগস্ট সন্ত্রাসীরা জোরপূর্বক তাকে বাড়ি থেকে তুলে নেয়। ঘটনার পর থেকে পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসন কোন সাহায্য করেনি। মিজানুর রহমানের পরিবার চরম উৎকণ্ঠা ও মানসিক কষ্টে দিন পার করছে। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা এখনো আশা হারাননি, তারা প্রতিদিন তার ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত অপহরণ হতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং মিজানুর রহমানকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মিজানুর রহমান স্থানীয় বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন এবং শেখ হাসিনার পতনের পর তার বড় ধরনের ক্ষতি করার অব্যাহত হুমকি দিচ্ছিল স্থানীয় বিএনপির কর্মীরা।

এই সংবাদটি 76 বার পঠিত হয়েছে