এই মাহেন্দ্রক্ষণটিতে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালকসহ সেতু সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা। সেতুর এই মাইলফলক অর্জনে খুশি সংশ্লিষ্টরা। সেতুতে মোট স্ল্যাব বসল দু’হাজার ৯শ’ ১৭টি। রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ১৯ মার্চ। সময় লাগল ২ বছর ৫ মাস ৪ দিন। সড়ক পথ তৈরিতে প্রায় ২২ মিটার দীর্ঘ, ২ দশমিক এক শূন্য মিটার চওড়া, ৮৪ মেট্রিক টন ওজনের ২৯১৭টি স্ল্যাব ব্যবহার করা হয়েছে।
আগামী বছরের মাঝামাঝি সময়ে খুলে দেয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ। সর্বশেষ রোড স্ল্যাব বসে আরও এক ধাপ এগোলো দক্ষিণাঞ্চলের মানুষের আলোর দিশারী স্বপ্নের এই সেতুর কর্মযজ্ঞ। রেলপথের পর সড়ক পথের সরাসরি যোগাযোগের দ্বার খুলে গেল।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ৪২ ফুট চওড়া স্প্যানের ওপর তলায় ৭২ ফুট প্রস্থের ফোর লেনের সড়ক পথ তৈরি শেষ হওয়াতে এখন বর্ষা মৌসুম কাটলেই শুরু হবে ১০০ মিলিমিটার পুরুত্বের কার্পেটিং।






